ফেব্রুয়ারির শেষ দিকে উত্তরবঙ্গে বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে সকাল-সন্ধ্যায় শীতের ছোঁয়া | আজকের আবহাওয়ার আপডেট
ফেব্রুয়ারি প্রায় শেষ হয়ে এসেছে, তবু তাপমাত্রা উর্ধ্বমুখী। রাস্তায় বেরোলেই গলদঘর্ম হয়ে যাচ্ছে সবাই। এরই মধ্যে খানিকটা স্বস্তির খবর এনেছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন সকাল আর সন্ধ্যায় শীতের মৃদু আমেজ অনুভূত হবে দক্ষিণবঙ্গে। তবে দিনের বেলা উঠে যাবে তাপমাত্রা, হাঁসফাঁসের পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া
আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনাও রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। সিকিম ও সংলগ্ন এলাকায়ও একই পরিস্থিতি, সেখানে হালকা তুষারপাত হতে পারে। এর প্রভাব পড়বে দার্জিলিংয়ের উচ্চভূমিতে। ফেব্রুয়ারির শেষ দু’দিন এই আবহাওয়া চলতে পারে, রবিবার থেকে বৃষ্টি কমে শুষ্ক আবহাওয়া ফিরে আসবে। পরবর্তী সাতদিন রাজ্যজুড়ে শুষ্ক থাকবে আকাশ।
দক্ষিণবঙ্গে শীতের ছোঁয়া, বৃষ্টির নাম নেই
দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে, কিন্তু বড় পরিবর্তন নেই। সকাল-সন্ধ্যায় শীতের অনুভূতি হবে, তবে লেপ-কম্বলের দরকার পড়বে না। দিনের বেলা তাপমাত্রা বাড়বে, গরমে অস্বস্তি বাড়বে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এখানে।
মার্চ থেকে তাপমাত্রা বাড়বে, নতুন ঝঞ্ঝা আসছে
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয়। ২ মার্চ সোমবার আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। ফলে ১ মার্চ থেকে তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়তে পারে। গরমের তীব্রতা বাড়বে মার্চের শুরু থেকে।